Showing posts with label রাজিব আহমেদ. Show all posts
Showing posts with label রাজিব আহমেদ. Show all posts

সুন্দরবনের ইতিহাস (১ম খণ্ড)


বইয়ের নাম : সুন্দরবনের ইতিহাস (১ম খণ্ড) 
সম্পাদনা : রাজিব আহমেদ 
প্রকাশক : গতিধারা, ঢাকা 
প্রকাশকাল : ২০১২ । পৃষ্ঠা : ৬০০  
আকার : অক্টাভো । দাম : টাকা ৭৫০.০০ 

মোট বায়ান্নো জন লেখকের প্রবন্ধ স্থন পেয়েছে বইটিতে যার মধ্যে দুটো লেখা সতীশচন্দ্র মিত্রের লেখা। লেখার ধরন দেখে মনে হবে, সতীশ মিত্র বোধহয় প্রবন্ধ লিখতেন। আসলে তাঁর যশোহর খুলনার ইতিহাস বই থেকে নেয়া হয়েছে লেখা দুটো। কিন্তু কোনো সূত্র উল্লেখ করা হয়নি। খসরু চৌধুরীর লেখা আছে দুটো। তেমনি করে লেখা আছে রেজা খান, ধুর্জটিপ্রসাদ নস্কর, সচীন দাস, কল্যাণ চক্রবর্তী, শরীফ খান, ইনাম-আল-হক, হুমায়ুন খান, সুনীল গঙ্গোপাধ্যায়, বিলু কবীর, এএফএম আব্দুল জলীল, মৃত্যুঞ্জয় রায়, ইফতেখার মাহমুদসহ অনেকেরই। বইখানাকে লেখা চুরির এক মচ্ছব বলা যেতে পারে। যাঁদের লেখা এই বইতে ছাপা হয়েছে তাঁরা কেউই জানেন না যে তাঁদের লেখা এই বইতে রয়েছে। সম্পাদক লেখাগুলো নেয়ার সময় এবং প্রকাশক ছাপাবার সময় কোনো অনুমতির ধার ধারেননি, সম্মানি তো বহুদূরের কথা। এ ধনের জোচ্চুরি এদেশে শুধু হালালই নয়, সম্পাদক ও প্রকাশক রীতিমতো সম্মান ও কৃতজ্ঞতা দাবি করে থাকেন। কোনো সভ্য দেশ হলে ওদের দুজনকেই জেলের ঘানি টানতে হতো। তবে যাঁরা সুন্দরবন সম্পর্কে জানতে বেশি বইপত্র পড়তে চান না। পত্রপত্রিকাও খুলে দেখতে চান না, তাঁদের জন্য এই বই সব লেখা এক জায়গায় এনে দিয়েছে।

সুন্দরবনের ইতিহাস (২য় খণ্ড)



বইয়ের নাম : সুন্দরবনের ইতিহাস (২য় খণ্ড) 
সম্পাদনা : রাজিব আহমেদ 
প্রকাশক : গতিধারা, ঢাকা 
প্রকাশকাল : ২০১২ । পৃষ্ঠা : ৫৮৪  
আকার : অক্টাভো । দাম : টাকা ৭৫০.০০ 

প্রথম খণ্ডের মতোই এ খণ্ডেও নানান লেখকের প্রবন্ধ একত্রিত করা হয়েছে। ৬১টি প্রবন্ধ আছে এ খণ্ডে। শিবশঙ্কর মিত্র থেকে শুরু করে এএফএম আব্দুল জলীল, রফিকুল ইসলাম খোকন, আলী কবির হায়দার, পাভেল পার্থ, শেখ গাউস মিয়া, গৌরাঙ্গ নন্দী, খসরু চৌধুরী, মোহাম্মদ তোহা খান, পূর্ণেন্দু ঘোষ, পুলক রাহা, জগন্নাথ মাইতিসহ খ্যাত-অখ্যাত প্রায় সব লেখকই স্থান পেয়েছেন। প্রয়াত আশরাফ-উল-আলম টুটু ও অ্যাডভোকেট ফিরোজ আহমেদের লেখাও রয়েছে। এ বইখানাকে প্রথম খণ্ডের মতোই চৌর্যগ্রন্থ দ্বিতীয় খণ্ড বলা যেতে পারে। এতে প্রচুর বিশেষজ্ঞ ও লেখকের লেখা আছে। কিন্তু কারো কাছ থেকেই অনুমতি নেয়া হয়নি, লেখকের সম্মানি দূরে থাক! যাঁরা অনেক অনেক বই না কিনে, অনেক অনেক বইপত্র না পড়ে সুন্দরবন সম্পর্কে বিচিত্র ধরনের লেখার স্বাদ নিতে চান, এই বইটি তাঁদের উপকার করতে পারে।